বেকার খরচ
লেখক - মনসুর আলি
আজকে সকালে ব্রেকফাস্ট করে বিছানায় শুয়ে আছি। স্কুল ছুটি। গরমের ছুটি। তাই কিছু খেয়ে বিছানায় গা-টা এলিয়ে দিয়ে পড়ে রয়েছি। ছোটমেয়ে মেঝেতে খেলাধূলা করছে। মাঝে মাঝে আমার কাছে এসে এটা-ওটা বলছে। আমি উত্তর দিচ্ছি।
কিছুক্ষণ পর বড়মেয়ে এল। এসে বলল, ‘আব্বা, একটা ক্লে কিনব?’
আমি বললাম, ‘না, ওসব বেকার খরচ কোরো না।’
তারপর দেখলাম মেয়ের মনটা খারাপ হয়ে গেল। আমার নিজের ছোটবেলাকার কথা মনে পড়ল। তখন আমিও তো অনেক বেকার খরচ করিয়েছি আমার আব্বাকে। শুধুমাত্র আনন্দের জন্যে। আর আমার ছোটো ছোটো দুটো কন্যা, এরাও তো অনেক ছোটো এখন। এদেরও তো আনন্দ, খুশি বলে একটা জিনিস আছে। আমার মনটা শান্ত আর ভারী হয়ে উঠল।
আমি ওকে মানে বড়মেয়েকে ডেকে বললাম, ‘ক্লে-র দাম কত?’
ও বলল, ‘পাঁচ টাকা।’
আমি বললাম, ‘যাও কেনো।’
ও বলল, ‘আব্বা, আমার কাছে টাকা নেই।’
আমি ওকে পাঁচ টাকা দিলাম। ও দোকানের দিকে দৌড় দিল। আমি বললাম, ‘খুশি তো?’
ও বলল, ‘হুম, মজা, কী মজা!’ বলে একদৌড়ে দোকানে চলে গেল।
আমি একটা জিনিস খুব অনুভব করলাম এরপর, কখনও কখনও বাচ্চাদের খুশির জন্য কিছু কিছু বেকার খরচ করতে হয়। করা উচিত। কারণ আমরাও তো একসময় ছোটো ছিলাম।
বার্তা - ছোটদের আনন্দের জন্যে অনেকসময় অল্পস্বল্প বেকার খরচ করতে হয়।
চিত্র সৌজন্য - Pixabay

Comments
Post a Comment